জিয়া পরিবারের বাইরে বিএনপিতে এবার ‘এক পরিবার এক প্রার্থী’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকায় এবার জিয়া পরিবারের বাইরের কেউ দুই আসনে মনোনয়ন পাননি, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
খন্দকার মোশাররফ বলেন, “এবার কোনো পরিবার থেকে দুইজন নির্বাচনে অংশ নিচ্ছেন না। আপনি লক্ষ্য করলে দেখবেন, স্থায়ী কমিটির সদস্যদের পরিবারেরও কেউ একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।”
তিনি আরও জানান, যেসব আসনের প্রার্থী তালিকা এখনও প্রকাশ করা হয়নি, সেগুলোতে বিএনপির প্রার্থীরা আসবেন। এছাড়া যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গেও আসন ভাগাভাগি নিয়ে সমন্বয় চলবে।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একাধিক নেতা ও তাঁদের পরিবারের সদস্যরা দুই আসনে প্রার্থী হয়েছিলেন।
তখন খন্দকার মোশাররফ ও তাঁর ছেলে মারুফ হোসেন, মির্জা আব্বাস ও তাঁর স্ত্রী আফরোজ আব্বাস, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর—তিনিও দুটি আসন থেকে লড়েছিলেন।
এছাড়া স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও তাঁর বেয়াই নিতাই রায় চৌধুরীও মনোনয়ন পেয়েছিলেন সেই সময়। তবে এবারের সম্ভাব্য প্রার্থী তালিকায় এমন কোনো পরিবারিক জুটি নেই।






আপনার মতামত লিখুন