জুলাই সনদে স্বাক্ষর করতে হবে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে — নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত যে কোনো আদেশ জনগণের কাছে বৈধতা পেতে হলে তা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে প্রকাশ করতে হবে। রাষ্ট্রপতির স্বাক্ষরিত কোনো আদেশ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহীর পর্যটন মোটেলে রাজশাহী বিভাগের আট জেলা ও মহানগর সমন্বয় কমিটির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে এসব মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আমরা জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চাই। গণভোটের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এই সনদে স্বাক্ষর করবেন — এটিই জনগণের প্রত্যাশা। বর্তমান সংবিধানের আওতায় রাষ্ট্রপতির এমন আদেশ দেওয়া সাংবিধানিকভাবে বিতর্কিত হবে।”
তিনি আরও বলেন, “সংস্কারবিরোধী বা ইতিহাসে দায়ভার থাকা কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি জোটে যাবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই হবে আমাদের রাজনৈতিক অবস্থানের মূল নীতি।”
নির্বাচনী প্রতীক ‘শাপলা’ না দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, “এটি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। রাজনৈতিক প্রতীক বঞ্চনা গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করছে। প্রয়োজনে রাজপথে নেমে রাজনৈতিক অধিকার আদায় করা হবে।”
নির্বাচনী পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “ফ্যাসিবাদী শক্তি ও বিদেশি প্রভাবশালী গোষ্ঠী নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। তবে আসন্ন নির্বাচন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বেই অনুষ্ঠিত হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, যিনি বলেন, “আগামী বাংলাদেশে নেতৃত্ব দিতে বিএনপি বা জামায়াত এককভাবে সক্ষম নয়। তরুণ প্রজন্মের অংশগ্রহণই হবে পরিবর্তনের মূল চালিকা শক্তি।”
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন