মেট্রো রেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাইয়ের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় নিরাপত্তা ও মান যাচাইয়ের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ রিট আবেদন দাখিল করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ রিটটি দায়ের করেন। এতে সড়ক পরিবহন ও সেতু সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এবং ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড-কে বিবাদী করা হয়েছে।
রিটে উল্লেখ করা হয়েছে, রাজধানীর উড়ালসড়ক ও মেট্রো রেল প্রকল্পে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান ও স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাই এসব অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে দ্রুত মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়া, প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থার অবহেলা ও গাফিলতি খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি গত বছরের ১৮ সেপ্টেম্বরের অনুসন্ধান কমিটির রিপোর্ট আদালতে দাখিলেরও নির্দেশনা চাওয়া হয়েছে।
জানা গেছে, বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহেই এ বিষয়ে শুনানি হতে পারে।
এর আগে গত রবিবার (২৬ অক্টোবর) ফার্মগেটে মেট্রো রেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম (৪৫) নামে এক পথচারী নিহত হন। নিহতের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির নিহতের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা এবং পরিবারের একজন সদস্যকে চাকরির সুযোগ দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
সোমবার সকালে শরীয়তপুরে নিহতের দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। জানাজায় শত শত মানুষ অংশ নিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।






আপনার মতামত লিখুন