বৈশ্বিক সংঘাত বিশ্বকে অনিশ্চয়তার মুখে ফেলেছেঃ প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাম্প্রতিক বৈশ্বিক সংঘাত ও অস্থিরতা পুরো বিশ্বকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী পালন করছে বিশ্ব।
ড. ইউনূস বলেন, “জাতিসংঘ যদি বৈশ্বিক শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হতে চায়, তবে তাকে সময়োপযোগী সংস্কার ও পরিবর্তিত বিশ্ব বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে হবে। আমরা চাই, জাতিসংঘ আরও গতিশীল, সমন্বিত এবং আধুনিকভাবে দায়িত্ব পালন করুক।”
তিনি আরও বলেন, “জাতিসংঘ সনদে ঘোষিত শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে বাংলাদেশ তার অঙ্গীকারবদ্ধ ভূমিকা অব্যাহত রাখবে। ভয় ও অভাবমুক্ত পৃথিবী গড়ে তোলাই জাতিসংঘ দিবসের প্রকৃত বার্তা।”

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, গত আট দশকে জাতিসংঘ মানবাধিকার সুরক্ষা, শান্তি রক্ষা ও টেকসই উন্নয়ন প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ পাওয়ার পর বাংলাদেশ একটি দায়িত্বশীল ও সক্রিয় সদস্য রাষ্ট্র হিসেবে বিশ্ব শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, “আমাদের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন স্থানে জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশ শান্তির সংস্কৃতি, মানবতা ও ন্যায়বিচারের পক্ষে কাজ চালিয়ে যাচ্ছে।”
ড. ইউনূস আরও বলেন, “টেকসই উন্নয়ন, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক দক্ষিণের দেশগুলো বহুপাক্ষিক সহযোগিতার ওপর নির্ভরশীল। তবে একতরফা সিদ্ধান্ত, দ্বিপাক্ষিক বৈষম্য ও চরম জাতীয়তাবাদ বিশ্বে উত্তেজনা বাড়াচ্ছে।”
গাজার পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, “আজ বিশ্ব গাজার গণহত্যার ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করছে। একইভাবে আমাদের অঞ্চলেও রোহিঙ্গাদের অধিকারবঞ্চনা ও নির্যাতন চলছে, যা সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির ফল। আমরা এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রত্যাশা করি।”






আপনার মতামত লিখুন