পুরান ঢাকায় রহস্যজনকভাবে নিহত জবি শিক্ষার্থী জুবায়েদ
পুরান ঢাকার একটি বাসার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে জুবায়েদ রহমানের মরদেহ উদ্ধার করে।
নিহত জুবায়েদ রহমান ছিলেন জবি’র ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়াও তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।
ঘটনার পর থেকে আরমানিটোলার ওই বাসাটি ঘিরে রেখেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার ৩য় তলার সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় জুবায়েদের লাশ পড়ে ছিল। নিচ তলা থেকে তিন তলা পর্যন্ত সিঁড়ি জুড়ে ছড়িয়ে ছিল রক্ত।
জানা যায়, ওই ভবনের ৫ম তলায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে ফিজিক্স, কেমেস্ট্রি ও হায়ার ম্যাথ পড়াতেন জুবায়েদ রহমান। ঘটনার দিনও তিনি টিউশনির উদ্দেশে ওই বাসায় যান। ওই ছাত্রীর বরাতে সহপাঠীরা জানান, পড়ানোর আগে ফোনে জুবায়েদ জানান যে তিনি নূর বক্স লেনে পৌঁছে গেছেন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যুর খবর আসে।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, “সিঁড়ির রক্ত দেখে বোঝা যায়, বাঁচার চেষ্টা করে জুবায়েদ নিচ থেকে উপরে দৌড়েছিলেন। এমন ভয়ংকর ঘটনা ঘটলেও ভবনের কেউ কিছু জানে না—এটা সন্দেহজনক।”
পাশের বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পেছন থেকে দুজন লোক দৌড়ে আসছিল, তবে তাদের মুখ স্পষ্ট দেখা যায়নি। শিক্ষার্থীদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি ওই বাসায় টিউশন করাতেন। ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়, তদন্ত চলছে।”






আপনার মতামত লিখুন