দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়ছেন না এমপিওভুক্ত শিক্ষকরা
বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ তিন দফা দাবিতে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে রয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও তারা সড়ক ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন—দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবেন না।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেন শিক্ষক ও কর্মচারীরা। তবে হাইকোর্টের মাজার গেটের কাছে এসে পুলিশ তাদের থামিয়ে দেয়। পরে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।
রাত পর্যন্ত অবস্থান কর্মসূচি চলতে থাকায় দুই পাশের সড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। দোয়েল চত্বর ও আশপাশের এলাকায় দেখা দেয় যানজট, ভোগান্তিতে পড়েন অফিসগামী ও পথচারীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক মো. কাউসার বলেন, “গত তিনদিন ধরে আমাদের কর্মবিরতি চলছে। আমরা ধাপে ধাপে দাবি আদায়ের চেষ্টা করছি। যতদিন পর্যন্ত দাবি না মানা হবে, ততদিন অবস্থান কর্মসূচি চলবে। আমরা বাড়ি ফিরবো না ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমাদের নিয়োগ সরকারি প্রক্রিয়ায় হলেও সুবিধা দেওয়া হয় না। বদলির সুযোগ নেই, বাড়িভাড়া বাবদ পাই মাত্র এক হাজার টাকা। অথচ ঢাকায় বা বড় শহরে বাসা ভাড়া দিতে হয় কয়েকগুণ বেশি। তাই যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
ঢাকার বাইরে থেকে আসা তোফাজ্জল হোসেনসহ আরও কয়েকজন শিক্ষক বলেন, “সরকারি স্কুলের শিক্ষকদের তুলনায় আমরা বৈষম্যের শিকার। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাড়ি থেকে ক্লাস নিতে পারেন, কিন্তু আমাদের থাকতে হয় দূরে, ভাড়া বাসায়। এই বৈষম্য বন্ধে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।”
শিক্ষকরা জানিয়েছেন, ২০% বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা—এই তিনটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবেন না।






আপনার মতামত লিখুন