“জুলাইয়ের আন্দোলনে ফ্যাসিবাদের শেকল ভেঙেছি”—আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “চব্বিশের জুলাইয়ের গণআন্দোলন ছিল ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের মাইলফলক। আমরা জনগণের শক্তিতে ফ্যাসিবাদের শেকল ভেঙে দিয়েছি—এটাই আমাদের সবচেয়ে বড় বিজয়।”
তিনি আরও বলেন,ব্যক্তিগতভাবে আমার কোনো স্বার্থ নেই। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণই আমার একমাত্র লক্ষ্য। আমি বিশ্বাস করি, আগামী নির্বাচনে জনগণ উন্নয়নের স্বার্থে নতুন রাজনৈতিক শক্তি এনসিপিকে সুযোগ দেবে।
সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন,জুলাইয়ের আন্দোলন কেবল রাজনৈতিক ঘটনা নয়—এটি জনগণের জাগরণের প্রতীক। এখন সময় এসেছে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার। মানুষ পরিবর্তন চায়, তারা তরুণ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে। এনসিপি সেই প্রত্যাশা পূরণে প্রস্তুত।”
দিনব্যাপী তিনি ইটাকুমারী, ছাওলা, অন্নদানগর ও কালীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা সংগঠক ফারদিন এহসান মাহিম ও শামীম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।






আপনার মতামত লিখুন