দেশের বর্তমান বাস্তবতা আমাকে হতাশ করেছে: অভিনেত্রী আজমেরী হক বাঁধন
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতি তাকে গভীরভাবে হতাশ করেছে। ছাত্র আন্দোলনের শুরু থেকেই তিনি রাজপথে ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন। সাধারণ মানুষের অধিকারের পক্ষে কথা বলে তিনি দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন।
বাঁধন বলেন, “জুলাইয়ে আমরা যারা মাঠে নেমেছিলাম, তা ছিল মানুষের অধিকার, ন্যায়বিচার ও সাম্যের জন্য। কিন্তু এক বছরের ব্যবধানে যা দেখছি, তা হতাশাজনক। দেশে মব কালচার, নারী বিদ্বেষ ও অব্যবস্থাপনা বেড়েছে। মানুষ দেশ নিয়ে স্বপ্ন হারাচ্ছে।”
তিনি আরও বলেন, “ভাস্কর্য ও স্থাপনা ভাঙা হয়েছে, মাজার ধ্বংস হয়েছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি আশঙ্কাজনক। দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায় ভালো কাজ করা এখন অনেক কঠিন।”
দেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ জানিয়ে বাঁধন বলেন, ডানপন্থী চিন্তাধারার বিস্তার এবং নারীদের প্রতি বৈষম্য বেড়েছে। যদিও এমন পরিস্থিতি আগে ছিল, তবে এবার তা আরও দৃশ্যমান হয়েছে।
তার মতে, “আমি এমন সমাজ চাই, যেখানে প্রত্যেক মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে। বিপ্লবটা সেই আশাতেই করেছিলাম।”
অভিনেত্রীর মতে, বাস্তবতার কঠিন চিত্র তাকে হতাশ করলেও মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতি তার বিশ্বাস এখনও অটুট রয়েছে।






আপনার মতামত লিখুন