জামায়াত-শিবিরের ‘অন্য দলে কর্মী যুক্ত করার নীতি’ বন্ধের আহ্বান রাশেদ খাঁনের
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে তাদের কর্মীদের গোপনে অন্য দলে যুক্ত করার নীতি পরিহার করতে হবে। তার দাবি, এই কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “জামায়াত ও শিবির দীর্ঘদিন ধরে তাদের লোকজনকে বিভিন্ন দলে প্রবেশ করিয়ে রাখছে। এতে শুধু রাজনৈতিক দল নয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর স্বাভাবিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। এই প্রবণতা বন্ধ না হলে রাজনীতির পুরো সিস্টেম ভেঙে পড়বে।”
তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জামায়াত-শিবির গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তাদের ইতিহাসের অন্যতম সেরা সময় পার করছে। তবে তারা যদি মধ্যপন্থী রাজনীতিতে প্রবেশ করতে চায়, সেটা ইতিবাচকভাবে দেখা হবে। কিন্তু সেই রাজনীতি হতে হবে স্বচ্ছ ও প্রকাশ্য নীতি নির্ভর, গোপনে অন্য দলে প্রভাব বিস্তারের মাধ্যমে নয়।
রাশেদ খাঁনের মতে, ইসলামকে রাজনীতির সঙ্গে যুক্ত করার ক্ষেত্রেও জামায়াত ও শিবিরকে সতর্ক হতে হবে। তিনি বলেন, “যদি ইসলামিক রাজনীতি করতে চায়, তবে সেটা পুরোপুরি ইসলামিক ধারাতেই করা উচিত। আর যদি মধ্যপন্থী রাজনীতি করতে চায়, তবে সেটাও স্পষ্টভাবে সেই ধারাতেই চালানো উচিত। দুই ধারাকে মিশিয়ে দিলে বিভ্রান্তি তৈরি হবে।”






আপনার মতামত লিখুন