মহান রবের অনুগ্রহ’ জানিয়ে শিবির সভাপতির প্রতিক্রিয়া
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের প্রায় নিরঙ্কুশ বিজয়কে “মহান রবের অনুগ্রহ” হিসেবে উল্লেখ করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ অতি মহান। ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছেন। যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য, সেখানে এ বিজয় আমাদের জন্য মহান রবের একান্ত অনুগ্রহ।”
তিনি জানান, বিজয়ের পর সারাদেশে কোনো আনন্দ মিছিল হবে না। বরং “শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করা হবে।”
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, কারও প্রতি কোনো অনুযোগ বা বিদ্বেষ নেই। বরং সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হবে। “গর্ব ও অহংকার হোক পায়ের ধুলো, উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার”—যোগ করেন জাহিদুল ইসলাম।
শিবির সভাপতি তার পোস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সম্প্রীতির প্রতীক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, “প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ।”






আপনার মতামত লিখুন