জাকসু নির্বাচনকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন নিরাপত্তা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। ভোটগ্রহণকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসার সদস্যদের কড়া অবস্থান দেখা গেছে। প্রধান ফটক, মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ফটক, প্রান্তিক ফটক এবং বিশ মাইল ফটকসহ প্রতিটি গেটে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। ক্যাম্পাসের ভেতরেও নিয়মিত টহল দিচ্ছে পুলিশ।
অননুমোদিত কেউ যেন প্রবেশ করতে না পারে—সে জন্য গেটে দাঁড়িয়ে পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যক্তিরাই ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছেন। বৈধ পরিচয়পত্র ছাড়া কেউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না।
এদিকে দেখা গেছে, সকাল থেকে শিক্ষার্থীরা গেটে প্রবেশের সময় হাতে পরিচয়পত্র দেখাচ্ছেন। বাইরের সাধারণ মানুষ বা অননুমোদিত কেউ প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ফিরিয়ে দিচ্ছে। কেবল বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি কিংবা জরুরি সেবার গাড়িগুলোই গেট পার হতে পারছে।
দীর্ঘদিন পর আয়োজিত এই নির্বাচনে যেন কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে, সে জন্য পুরো ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।






আপনার মতামত লিখুন