শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন ঢাবি ডাকসু ভোটগ্রহণ: রাতে ফল প্রকাশের সম্ভাবনা
দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোনো বড় ধরনের সংঘাত বা সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। যদিও দিনভর প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ছিল, তবে সামগ্রিক পরিবেশ ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে বিকেল ৫টার দিকে শুরু হয় ভোটগণনা। রিটার্নিং কর্মকর্তারা জানান, রাত ১২টার আগে ফল প্রকাশ সম্ভব নয়। সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ফলাফল প্রকাশ হতে পারে, যদিও প্রয়োজন হলে এরও বেশি সময় লাগতে পারে।
অধিকাংশ কেন্দ্রে ইতোমধ্যে হল সংসদের ভোটের আংশিক গণনা শেষ হয়েছে। হলের গণনা শেষ হলে কেন্দ্রীয় ভোটের গণনা শুরু হবে বলে জানিয়েছেন কার্জন হল কেন্দ্রের প্রধান ড. এ এস এম মহিউদ্দিন।
এদিকে, অমর একুশে হল ও টিএসসি কেন্দ্রে ব্যালট পেপার সংক্রান্ত দুটি অভিযোগ ওঠে। এর বাইরে খণ্ড খণ্ড কিছু অভিযোগও পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, “বহু বছর পর মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে যে ডাকসু দেখতে চেয়েছিলাম, সেটি সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে। চারটার পরেও লাইনে থাকা ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাবেন।”
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই নির্বাচনে প্রাথমিকভাবে ৮০ শতাংশেরও বেশি ভোট পড়েছে।






আপনার মতামত লিখুন