রাকসু নির্বাচনে নজরকাড়া প্রার্থী: ৫১ বছরের শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এবার ব্যতিক্রমী এক প্রার্থী আলোচনায় এসেছেন। তিনি শাহরিয়ার মোর্শেদ খান। বয়স ৫১ বছর হলেও এখনো নিয়মিত শিক্ষার্থী তিনি। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই সিনিয়র শিক্ষার্থী।
সিরাজগঞ্জের বাসিন্দা শাহরিয়ার বর্তমানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। চার সন্তানের জনক এই শিক্ষার্থী পারিবারিক দায়িত্বের পাশাপাশি সমানতালে এগিয়ে যাচ্ছেন শিক্ষাজীবনে। তার এক মেয়ের স্বামীও রাবির পপুলেশন সায়েন্স বিভাগে অধ্যয়ন করছেন।
প্রথমে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে পড়াশোনা শুরু করেছিলেন। কিন্তু পারিবারিক কারণে সেই পড়াশোনা শেষ হয়নি। দীর্ঘ বিরতির পর আবারও উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের লক্ষ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এবার বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতাকে আরও অর্থবহ করতে রাকসুর মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
মনোনয়ন সংগ্রহ শেষে শাহরিয়ার বলেন, “আমার বয়স ৫১ বছর, কিন্তু আমি শিক্ষাজীবনকে এগিয়ে নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা আমাকে সাহস দিচ্ছে। আমি জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করব।”
আজই শেষ হচ্ছে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা। সকাল থেকেই মনোনয়ন জমা নেওয়া হচ্ছে। ডোপ টেস্টের সময়সীমাও শেষ হয়েছে। এ পর্যন্ত সিনেটের জন্য ২ জন ও কেন্দ্রীয় পদে ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন।
@






আপনার মতামত লিখুন