ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে রাকসু জিএসের ‘কটাক্ষ’
ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করেছেন সালাহউদ্দিন আম্মার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস)।
শুক্রবার (৬ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-কেন্দ্রিক রাজনীতি ও জুলাই অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।
ফেসবুক পোস্টে নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি ঢাবিকে কটাক্ষ করে লেখেন, “নেপালে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতারা সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, ভাই-ব্রাদার কোরাম নাই।” একই সঙ্গে তিনি ঢাবির শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ঢাবিয়ানরা আল্লাহর ওয়াস্তে মন খারাপ কইরেন না। আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন।”
পোস্টে তিনি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে বলেন, কে কার আশ্রয়ে ছিল, কে কার জন্য কী করেছে—এসব বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি অবহেলার অভিযোগ তুলে তিনি বলেন, সে সময় তিনি ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষ করে পোষ্য কোটা আন্দোলন। কিন্তু জাতীয় পর্যায়ের নেতারা এসব বিষয়ে পর্যাপ্ত গুরুত্ব দেননি।
তিনি আরও দাবি করেন, ঢাবিকেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের জন্য বিপুল অর্থ ব্যয় হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজনের প্রস্তাব নিয়ে দীর্ঘ সময় ধরেও তিনি সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে দেখা করতে পারেননি।
পোস্টের শেষে নেপালের নতুন ‘জেন-জি’ সরকারকে শুভকামনা জানান রাকসুর এই নেতা।






আপনার মতামত লিখুন