তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের
মির্জা ফখরুল
তারেক রহমান যেন দ্রুত দেশে ফিরে নেতৃত্ব দিতে পারেন, সে প্রত্যাশায় আল্লাহর কাছে দোয়া করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “আমরা আল্লাহর কাছে দোয়া করছি, তারেক রহমান সাহেব যেন অতি দ্রুত দেশে আসেন এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন। সেটাই আমাদের কামনা।”
শুক্রবার (১ আগস্ট) বিকেলে ঢাকার উত্তরা আজমপুরে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ দোয়া ও বক্তব্য রাখেন। মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদ স্মরণে’ আজমপুরের আমির কমপ্লেক্সের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, “খালেদা জিয়ার ওপর যে আস্থা জনগণ রেখেছিল, আজ সেই আস্থা তারেক রহমানের ওপর রেখেছে। আমরা অপেক্ষা করছি, কবে তিনি দেশে ফিরে নেতৃত্ব দেবেন।”
তিনি আরও বলেন, “তারেক রহমান সাহেব প্রতিদিন ভার্চুয়ালি বিভিন্ন জায়গায় মিটিং করছেন। তিনি একটি নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন, যেখানে থাকবে ন্যায়বিচার, সবার সমান অধিকার, ভোটাধিকার এবং গরিব মানুষের উন্নয়নের সুযোগ।”
এ সময় মির্জা ফখরুল জানান, প্রান্তিক জনগণের জন্য ‘ফার্মাস কার্ড’, ‘স্বাস্থ্য কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা নিয়েছেন তারেক রহমান।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক এবিএমএ আবদুর রাজ্জাক।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, অধ্যাপক মোর্শেদ হাসান খান, সাইফুল আলম নীরব, হাসান জাফির তুহিন, নুরুল ইসলাম নয়ন, রাজিব আহসান, সুলতানা আহমেদ, হেলাল খান, আবুল কালাম আজাদ, মোস্তফা জামান, এসএম জাহাঙ্গীর এবং শহীদদের পরিবারের সদস্যরা।






আপনার মতামত লিখুন