গোপালগঞ্জে সহিংসতায় নতুন ২ মামলা, আসামি ৫৮৯
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে নতুন করে দুটি মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয়েছে মোট ৫৮৯ জনকে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর থানার দুই উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে পৃথকভাবে এই মামলাগুলো দায়ের করেন। এর ফলে এ ঘটনায় মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৫টি।
পুলিশ জানায়, গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কের কাঠি এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে এসআই শফিকুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। এতে ৭৮ জনের নাম উল্লেখ করে আরও ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
অপরদিকে, সংঘর্ষ চলাকালে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় এসআই ফারুক হোসেন বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, “আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”






আপনার মতামত লিখুন