জনগণের জন্যই জুলাই সনদ প্রয়োজনঃ ডা. তাসনিম জারা
আপনাদের সাহসী সন্তানরা গত বছর দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল। দেশের আনাচে-কানাচে তারা বুকে সাহস নিয়ে গুলির মুখে দাঁড়িয়েছিল। সেইটা শুধু মাত্র ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য না। যাতে ব্যবস্থাটা পরিবর্তন হয়। যাতে ব্যবস্থাটা রাষ্ট্রের সব নাগরিকদের জন্য হয়। শুধুমাত্র কোনো দলের, কোনো পক্ষের বা কোনো পরিবারের স্বার্থে যাতে কাজে না লাগে, পুরো রাষ্ট্র যন্ত্র যাতে নাগরিকের অধিকার সমুন্নত রাখে। সেই লক্ষেই আমরা আপনাদের কাছ থেকেই শুনেছি জুলাই সনদ প্রয়োজন, সংস্কার প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এসব কথা বলেছেন।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা আরও বলেন, সংস্কার করতে যারা বাধা দেবে তাদের দেশবাসী মনে রাখবে। যেই ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী নিজের নাগরিকদের গুম করেছে বিগত বছরগুলোতে খুন করেছে নির্বিচারে। সেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হতেই হবে এবং এই অপরাধের বিচারও হতেই হবে। আমরা আর ওই ব্যবস্থায় ফেরত যাব না, যেখানে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতায় থেকে সব প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে নিজের পছন্দ মতো ব্যবহার করে। সেই জন্যই বার বার সংস্কারের কথা আমরা বলছি, আপনারা বলছেন। এর আগেও বহুবার মানুষ রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে, কিন্ত সংস্কারের ব্যপারে প্রতারিত হয়েছে, এইবার আমরা আর প্রতারিত হব না।
এর আগে সকালে জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। বেলা ১১টার দিকে এনসিপি নেতারা হরিজন পল্লীর সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও শহরের জামিয়া ইনআমিয়া ইসলামিয়া কওমী মাদরাসা পরিদর্শন করেন। পরে শহরের তমালতলা মোড় থেকে জেলা ও উপজেলার নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা শুরু হয়। এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলে পদযাত্রা। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাটি বকুলতলা হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।






আপনার মতামত লিখুন