জয়পুরহাটে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় এক বিষয়ের পরীক্ষার্থী ফলাফলে দুই বিষয়ে ফেল দেখানো হয়েছে—এমন বিস্ময়কর এক ঘটনার জন্ম দিয়েছে বোর্ড।
ভুক্তভোগী শিক্ষার্থী জিৎ চন্দ্র মহন্ত। তিনি চলতি বছর (২০২৫) শ্রীকর্ণদীঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার ফার্ম মেশিনারি ট্রেডের অনিয়মিত শিক্ষার্থী হিসেবে শুধু গণিত বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়েছেন। কিন্তু বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা যায়—তাকে গণিত ছাড়াও কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, জিৎ চন্দ্র মহন্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি হন এবং ২০২৪ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পূর্ণাঙ্গ পরীক্ষায় অংশ নেন। ওই বছর ১৪টি বিষয়ের মধ্যে শুধুমাত্র গণিতে ফেল করেছিলেন। ফলে ২০২৫ সালে শুধুমাত্র গণিত বিষয়ে পুনঃপরীক্ষায় অংশগ্রহণ করেন।
জিৎ চন্দ্র বলেন, “আমি এবার শুধুমাত্র গণিতে পরীক্ষায় বসেছিলাম। কিন্তু রেজাল্টে দেখাচ্ছে আমি কৃষি বিষয়েও ফেল করেছি। অথচ আমার প্রবেশপত্রেই শুধু গণিত বিষয় ছিল। বোর্ড কীভাবে এই ভুল করল, বুঝতে পারছি না।”
এ বিষয়ে বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওরম ফারুক বলেন, “বোর্ডের কোনো কারিগরি ত্রুটির কারণে এমন ফলাফল এসেছে বলে ধারণা করছি। নম্বরপত্র দেওয়ার সময় এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি।”
ভুল ফলাফলের এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সবাই।






আপনার মতামত লিখুন