এইচএসসি ও সমমানের তিন বোর্ডের পরীক্ষা স্থগিত
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে কুমিল্লা, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আজকের (বৃহস্পতিবার, ১০ জুলাই) এইচএসসি ও সমমানের সব পরীক্ষা।
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে বিশেষ করে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এতে বহু শিক্ষাপ্রতিষ্ঠান ডুবে গেছে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তির মুখে পড়েছে। এ প্রেক্ষিতেই সংশ্লিষ্ট বোর্ডগুলো পরীক্ষাসমূহ স্থগিতের ঘোষণা দেয়।
তিন বোর্ড থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র ১০ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “আমাদের পরীক্ষাগুলো সারা দেশে একযোগে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়। কোনো অঞ্চলে সমস্যা দেখা দিলে আংশিকভাবে পরীক্ষা গ্রহণের সুযোগ নেই। তাই পুরো দেশের ১০ জুলাইয়ের আলিম পরীক্ষা স্থগিত করতে হয়েছে।”
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর জানান, “ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষাগুলোও একই প্রশ্নে দেশব্যাপী একযোগে নেওয়া হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সারা দেশে পরীক্ষা স্থগিত করতে হয়েছে।”
বোর্ডগুলোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ খুব শিগগিরই সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও বোর্ডের নির্দেশনা নিয়মিত অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
শী






আপনার মতামত লিখুন