চাঁদপুর আ.লীগের সভাপতি নাছির উদ্দিন দুদিনের রিমান্ডে
চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, হুমকি ও বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৯ জুন) চাঁদপুর সদর আমলি আদালতে তাকে হাজির করা হলে তদন্তের স্বার্থে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। পরে বিচারক ইয়াসিন আরাফাত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা মো. বাহার মিয়া।
তিনি জানান, মামলার রহস্য উদঘাটন ও বিস্তারিত জানার জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত দুদিনের অনুমোদন দিয়েছেন।
এর আগে, গত ২২ জুন ঢাকার একটি কারাগার থেকে নাছির উদ্দিন আহমেদকে চাঁদপুরে নিয়ে আসা হয়। পরে ২০২৪ সালের ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই মামলায়ও তার দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।
আসামিপক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু দাবি করেন, “নাছির উদ্দিন আহমেদ একজন সম্মানিত রাজনীতিক এবং সম্পূর্ণ নির্দোষ। তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে। ২ জুন ঢাকার শান্তিনগরে মেয়ের বাসা থেকে তাকে ডিবি পুলিশ তুলে নেয় এবং পরবর্তীতে পুরনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।”
প্রসঙ্গত, মামলায় অভিযোগ রয়েছে—২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা, মারধর, ভয়ভীতি ও বিস্ফোরণের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেই ঘটনায় নাছির উদ্দিন আহমেদসহ কয়েকজনকে আসামি করা হয়।






আপনার মতামত লিখুন