সাংবাদিক আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড অনুমোদন
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন।
এদিন আনিস আলমগীরকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মো. মুনিরুজ্জামান তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, এক মাস আগে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে দেওয়া মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানি ছড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামলার অন্যান্য আসামিরা ভেরিফায়েড ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরকারের বিরুদ্ধে কটাক্ষমূলক বক্তব্য ও পোস্ট দেন, যা জননিরাপত্তা বিঘ্নিত করতে সহায়ক হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করা, সহিংসতা উসকে দেওয়া এবং অপরাধ সংঘটনে প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা জানান, আনিস আলমগীরকে ডিবি লালবাগ বিভাগের একটি দল ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে। সময় স্বল্পতার কারণে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অগ্রগতি হবে বলে আবেদনে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে আসামিপক্ষ তার রিমান্ড বাতিলের আবেদন জানায়। শুনানি শেষে আদালত সাত দিনের পরিবর্তে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রবিবার জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আনিস আলমগীরসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য ও পোস্টের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের কর্মীদের উসকানি দিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করা হয়েছে।






আপনার মতামত লিখুন