জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বাতিল করে মঙ্গলবার (২৭ মে) এই রায় ঘোষণা করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। এর মধ্য দিয়ে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলা মামলার নিষ্পত্তি হলো।
এর আগে, গত ৮ মে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আপিল বিভাগ রায়ের জন্য ২৭ মে দিন নির্ধারণ করে। প্রথম দিনের শুনানি হয়েছিল ৬ মে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানান, আদালতে উপস্থাপিত যুক্তি ও প্রমাণের ভিত্তিতে তারা আত্মবিশ্বাসী ছিলেন যে, আজহারুল ইসলাম খালাস পাবেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে ছয়টি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড ও দুটি অভিযোগে মোট ৩০ বছরের কারাদণ্ড দেন। তবে একটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।
এরপর ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। তবে আজহারুল ইসলাম ২০২০ সালে রায়ের পুনর্বিবেচনার আবেদন করেন এবং ১৪টি যুক্তি তুলে ধরেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে আপিলের অনুমতি দেয় আদালত। শেষপর্যন্ত দীর্ঘ শুনানি ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে খালাস দেন।






আপনার মতামত লিখুন