এলজিবিটি ও সমকামিতা ইস্যুতে সারজিস আলমের কড়া মন্তব্য
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সমকামিতা, ট্রান্সজেন্ডার এবং এলজিবিটি কিউ সম্প্রদায় নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তার এ বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
রোববার (১৮ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, “নারীদের অধিকার রক্ষায় যৌক্তিক দাবিতে সর্বাত্মক সমর্থন থাকবে। তবে সেই দাবির আড়ালে সমকামিতা বা ট্রান্সজেন্ডার সংস্কৃতি প্রমোট করা হলে, তা প্রতিহত করতে হবে।”
তিনি আরও বলেন, “পরিবার, সমাজ ও রাষ্ট্র ধ্বংসের এই প্রবণতা যারা লালন করে, তাদের মানসিক চিকিৎসা প্রয়োজন। এটি এমন একটি সমস্যা, যা ধীরে ধীরে জাতির ভিত্তিকে দুর্বল করতে পারে।”
এছাড়াও পতিতাবৃত্তি প্রসঙ্গে সারজিস আলম বলেন, “পতিতাবৃত্তি কখনোই পেশা হতে পারে না। যারা ফাঁদে পড়ে বা বাধ্য হয়ে এ পথে এসেছেন, তাদের পুনর্বাসনের উদ্যোগ রাষ্ট্রের নেওয়া উচিত।”

তবে তার এই মন্তব্যকে অনেকে একতরফা ও বৈষম্যমূলক বলেও সমালোচনা করছেন। সমান অধিকারের পক্ষে কাজ করা অনেক সামাজিক সংগঠন এই বক্তব্যের নিন্দা জানিয়েছে এবং সারজিস আলমের অবস্থানকে সাম্প্রদায়িক বিভাজনের শঙ্কাজনক ইঙ্গিত হিসেবে দেখছেন।






আপনার মতামত লিখুন