“টানা ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড!”
ঈদযাত্রায় নৌপথে কঠোর নিরাপত্তা ও বিধিনিষেধ

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নৌপথে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিন নদীপথে বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। চাঁদপুরসহ দেশের সকল গুরুত্বপূর্ণ নৌরুটে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এছাড়া, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে বিশেষ টহল পরিচালনা করবে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী, মুন্সীগঞ্জের গজারিয়া ও বরিশালের মেঘনা নদীসহ অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি চালানো হবে।
নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৬ দফা সিদ্ধান্ত
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এক প্রস্তুতিমূলক সভায় যাত্রীদের নিরাপত্তায় ১৬ দফা সিদ্ধান্ত নিয়েছে।
১. অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ
নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নিলে লঞ্চ মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি লঞ্চে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট টাঙিয়ে রাখতে হবে।
২. ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন নিষিদ্ধ
যেকোনো লঞ্চ বা ফেরিতে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ পেলে জরিমানা ও রুট পারমিট বাতিল করা হবে।
৩. সিরিয়াল ভঙ্গ করে চলাচল নিষিদ্ধ
কোনো লঞ্চ বা ফেরি সিরিয়াল ভঙ্গ করতে পারবে না। বিষয়টি কঠোরভাবে মনিটরিং করবে নৌ-পরিবহন অধিদপ্তর।
৪. কুলি ও লেবারদের হয়রানি বন্ধ
সদরঘাটসহ অন্যান্য লঞ্চঘাটে যাত্রীদের হয়রানি বন্ধে কুলি ও লেবারদের জন্য ইউনিফর্ম ও নেইম প্লেট বাধ্যতামূলক করা হয়েছে।
৫. লঞ্চ স্টাফদের ইউনিফর্ম ও আইডি কার্ড
লঞ্চে কর্মরত সব স্টাফদের আইডি কার্ড ও নির্ধারিত ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হয়েছে।
৬. লঞ্চে আনসার সদস্য নিয়োগ
নিরাপত্তা নিশ্চিত করতে দূরপাল্লার লঞ্চে ৪ জন আনসার সদস্য নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।
৭. অপরাধপ্রবণ এলাকায় বিশেষ টহল
কোস্ট গার্ড, নৌ পুলিশ ও নৌবাহিনী শীতলক্ষ্যা, গজারিয়া ও মেঘনা নদী এলাকায় বিশেষ টহল পরিচালনা করবে।
৮. রাতের স্পিডবোট চলাচল বন্ধ
২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত রাতের বেলায় স্পিডবোট চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
৯. সদরঘাটের আশপাশের সড়ক উন্মুক্ত রাখা
ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক দখল মুক্ত রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
১০. যাত্রীদের নিরাপত্তায় বিশেষ সমন্বয় টিম
প্রত্যেক জেলায় জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
১১. নাশকতা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা
নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে ঢাকা নদী বন্দরে ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষণিক নজরদারি থাকবে।
১২. এনআইডি ছাড়া টিকিট নয়
নিরাপত্তার স্বার্থে লঞ্চে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সংগ্রহ করে টিকিট দেওয়া হবে।
১৩. সতর্কতামূলক প্রচারণা চালানো হবে
নৌ টার্মিনালে মাইকে ঘোষণা, ডিসপ্লে মনিটর ও লঞ্চের টেলিভিশনে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
১৪. জরুরি সেবার জন্য হটলাইন নম্বর চালু
নৌপথে যাত্রীদের জরুরি প্রয়োজনে ৯৯৯ ও বিআইডব্লিউটিএর ১৬১১৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
১৫. নদী ও ঘাটের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ
সদরঘাটসহ সব টার্মিনালে ডাস্টবিন স্থাপন ও পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
১৬. অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার
লঞ্চে ফায়ার এক্সটিংগুইশার বাধ্যতামূলক করা হয়েছে এবং ঢাকার নদী বন্দরে ভাসমান নৌ ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তগুলো কার্যকর করতে কঠোর মনিটরিং টিম গঠন করা হয়েছে। যাত্রীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যে সব সংস্থা একযোগে কাজ করবে।
স্বদেশ/ আজাদ






আপনার মতামত লিখুন