অদক্ষ অটোরিকশার চালকের কারণে প্রাণ গেল পাঁচ জনের
কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কায় তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা বলছেন, চালকের অদক্ষতায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান।
নিহতরা হলেন, সাতক্ষীরা সদর থানার হাজীপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল হোসেন (৩৫), গাজীপুরের নোয়াগাও এলাকার সুভাষ কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯), নরসিংদীর শিবপুর থানার আক্সাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭৫), তার ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও তার নাতী মোহাম্মদ আলীর ছেলে ৫ বছর বয়সী শিশু আমান উল্লাহ।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেজিনা আফরিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়াও গুরুতর অবস্থায় হাসপাতালে আনা সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন