আপনি ব্রাজিল সমর্থক? তাহলে এই সংবাদ আপনার জন্য!
ফুটবল সম্রাট পেলের নেতৃত্বে ব্রাজিলের ঐতিহাসিক ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘ব্রাজিল ৭০: দ্য থার্ড স্টার’।
পর্তুগিজ ভাষার এই সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন ওটু ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা পাওলো মোরেলি এবং তার ছেলে পেড্রো মোরেলি। সিরিজটির নেপথ্য ক্রিয়েটর হিসেবে কাজ করেছেন নানা জাভিয়ের ও রাফায়েল দোর্নেলাস। এতে কিংবদন্তি পেলের ভূমিকায় অভিনয় করেছেন নবাগত অভিনেতা লুকাস অ্যাগ্রিকোলা।
মেক্সিকো এবং ব্রাজিলের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত এই সিরিজে সত্তর দশকের ফুটবল মাঠের রোমাঞ্চকর আবহ তৈরি করতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। পরিচালকদের মতে, সে সময় মাঠের ক্যামেরা অনেক দূরে থাকায় খেলা পরিষ্কার দেখা যেত না। সেই অভাব দূর করতে এই সিরিজে ১ হাজার ৩০০টিরও বেশি ভিএফএক্স শট ব্যবহার করে ক্যামেরা একদম মাঠের ভেতরে খেলোয়াড়দের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে। ফলে দর্শকরা পেলে, জাইরজিনহো, গেরসন বা রিভেলিনোদের খেলার উত্তেজনা একদম নিখুঁতভাবে উপভোগ করতে পারবেন।






আপনার মতামত লিখুন