অনলাইন-অফলাইন পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা করেছেন। শিক্ষার্থীরা এখন সপ্তাহে তিন দিন—শনিবার, সোমবার ও বুধবার—শ্রেণিকক্ষে উপস্থিত থেকে পাঠ গ্রহণ করবে। বাকি দিনগুলোতে পাঠদান চলবে অনলাইনের মাধ্যমে, আর শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে ‘টেকনিক্যাল কোর্স’ অন্তর্ভুক্তকরণ সংক্রান্ত জাতীয় কর্মশালার উদ্বোধন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “বোর্ড পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। প্রশ্ন প্রণয়ন থেকে ফল প্রকাশ পর্যন্ত অতিরিক্ত সময় ব্যয় হয়, যা শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য ক্ষতিকর। কর্মকর্তারা লাভবান হলেও শিক্ষার্থীরা প্রায় দুই বছর হারিয়ে ফেলছে।”
শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মেধাবী শিক্ষকদের প্রশাসনিক কাজে ব্যস্ত না রেখে শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করা জরুরি। পাশাপাশি, কিছু পরিদর্শকের অনিয়মের বিষয়ে কঠোর নজরদারি অবলম্বনের হুঁশিয়ারিও দেন। বিদেশে প্রশিক্ষণ নিয়ে এসে তা দেশে প্রয়োগ না করার প্রবণতা বন্ধ করতে এবং শিক্ষা মন্ত্রণালয়ে আসা কর্মকর্তাদের অন্তত তিন বছর দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান যথাযথ লাইসেন্স বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়া পরিচালিত হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। এছাড়া ‘ডিজিটাল নকলের’ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।






আপনার মতামত লিখুন