রাজবাড়ীর ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ছোট ঘি কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে একটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরা হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদ্যালয়টিতে চারটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। গত ৯ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা স্কুল ভবনে প্রবেশ করে একটি ক্যামেরা খুলে নিয়ে যায়। তবে ওই সময় ক্যামেরার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় কোনো ধরনের ফুটেজ সংরক্ষণ হয়নি।
প্রধান শিক্ষক আরও বলেন, চুরির বিষয়টি জানার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। পাশাপাশি বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, স্কুল কর্তৃপক্ষ দিনের কাজ শেষে সব ক্যামেরার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখায় রেকর্ডিং বন্ধ ছিল। সেই সুযোগেই চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ক্যামেরার আওতাভুক্ত এলাকা ইতোমধ্যে নতুন ক্যামেরার মাধ্যমে নজরদারির আওতায় আনা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান জানান, ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণেই চোর শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বাকি তিনটি ক্যামেরা সচল রয়েছে এবং সেগুলো দিয়ে সার্বিক নজরদারি অব্যাহত আছে।
উল্লেখ্য, রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে মোট ১৯৮টি ভোটকেন্দ্র রয়েছে। এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৬ জন।






আপনার মতামত লিখুন