ভোরের আলো ফুটতেই কেন্দ্রের সামনে ভোটারের দীর্ঘ লাইন
প্রায় দেড় দশকের প্রতীক্ষা শেষে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে দেশের দুটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোরের আলো ফুটতেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে শুরু করেন। কেন্দ্রের সামনে রাজনৈতিক দলগুলোর অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে, যেখানে নেতাকর্মীরা ভোটারদের তথ্য সহায়তা দিচ্ছেন এবং নিজ নিজ প্রার্থীর পক্ষে সমর্থন চাইছেন।
আজকের ভোটের মাধ্যমে প্রাপ্তবয়স্ক নাগরিকরাই নির্ধারণ করবেন—কারা জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব করবেন এবং কোন দল বা জোট আগামী সরকার গঠন করবে। একই সঙ্গে গণভোটের ফলাফলের ওপর নির্ভর করবে সংবিধান সংশোধনের বিষয়টি বাধ্যতামূলক হবে কি না, নাকি তা ভবিষ্যৎ সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হবে।
নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। ধানের শীষ এবং দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যেই সবচেয়ে বেশি লড়াই লক্ষ্য করা যাচ্ছে। দুটি ভোট একসঙ্গে হওয়ায় সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের পরও যেসব ভোটার লাইনে থাকবেন, তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানান, ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়ার কোনো সম্ভাবনা নেই। আশা করা হচ্ছে, শুক্রবার সকালের মধ্যেই আনুষ্ঠানিক ফল ঘোষণা করা সম্ভব হবে।
দেশের মোট ৩০০টি সংসদীয় আসনের মধ্যে আজ ভোটগ্রহণ হচ্ছে ২৯৯টিতে। এসব আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ৬৫১টি এবং ভোটার সংখ্যা ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪১৬ জন। তবে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। ওই আসনে নতুন তফসিল ঘোষণা করা হবে, ফলে সেখানকার ভোটাররা আজকের সরকার গঠনের প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না।






আপনার মতামত লিখুন