জীবন দিয়ে দেবো, তবুও ভোট চুরি করতে দেবো নাঃ সারজিস আলম
রক্ত দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো, তবুও একটা ভোট চুরি করতে দেবো নাঃ সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম বলেছেন, ভোটের অধিকার রক্ষায় কোনো ধরনের অনিয়ম বা কারচুপির চেষ্টা সহ্য করা হবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে কেউ যদি ভোট চুরি বা গোপন কৌশলের আশ্রয় নেয়, তাহলে জনগণ তা প্রতিহত করবে। এ সময় তিনি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সারজিস আলম বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেবল একটি ভোটগ্রহণ নয়; এটি ন্যায়বিচার, ইনসাফ এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই লড়াইয়ে শেষ পর্যন্ত সাধারণ মানুষই বিজয়ী হবে।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচনের পর অনেক নেতাকর্মীর খোঁজ মেলে না। স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন ও জমি দখলের সঙ্গে কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে পঞ্চগড়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হলেও রাজনৈতিক প্রতিহিংসা থেকে কিছু এলাকায় হামলা ও দখলের ঘটনা ঘটেছে, যেখানে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
নিজের বয়স নিয়ে সমালোচনার জবাবে সারজিস আলম বলেন, বয়স বেশি হলেও অনেক নেতা সংকটকালে রাজপথে ছিলেন না। কেবল নির্বাচনের সময় সক্রিয় হওয়া নেতৃত্ব জনগণের প্রকৃত প্রতিনিধি হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আশ্বাস দেন, নির্বাচনে জয়ী হলে রাজনৈতিক প্রতিপক্ষের নির্দোষ নেতাকর্মীরাও সম্মানের সঙ্গে রাজনীতি করার সুযোগ পাবেন। পঞ্চগড়ের স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় প্রয়োজন হলে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতির কথাও জানান এই প্রার্থী।






আপনার মতামত লিখুন