নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা নিয়ে মুখ খুললেন মির্জা আব্বাস
ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন একই আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, এই ধরনের ঘটনার সুযোগ অনেকদিন ধরেই কেউ কেউ খুঁজছে। কিন্তু আমার এতে জড়ানোর কোনো প্রয়োজন নেই। অকারণে ঝামেলায় জড়াব কেন?
তিনি আরও বলেন, ঝগড়া করার দরকার কী? আমার অতীত সবাই জানে ঝগড়ার কোনো রেকর্ড যদি থাকে, সেটা আছে।
এর আগে দুপুর ১২টার দিকে নাসীরুদ্দীন পাটোয়ারী পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে যোগ দিতে যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ছাত্রদল পরিচয়ধারী কিছু ব্যক্তি ‘ধানের শীষ’ স্লোগান দিয়ে তার ওপর হামলা চালায়।
নিজের ফেসবুক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটোয়ারী উল্লেখ করেন, হামলাকারীরা তাকে লক্ষ্য করে ডিম, পচা পানি ও ইট-পাটকেল নিক্ষেপ করে এবং এ ঘটনায় ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি দাবি করেন, ঘটনার পরপরই সেখানে প্রতিবাদ মিছিল শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগ চলাকালে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে, ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
ঘটনার প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, একটি গণতান্ত্রিক নির্বাচনে প্রতিটি প্রার্থীর সমানভাবে প্রচারণা চালানোর অধিকার রয়েছে। কিন্তু পরিকল্পিতভাবে তার কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।






আপনার মতামত লিখুন