নারায়ণগঞ্জে বিচারপ্রার্থী পথচারী ট্রাক চাপায় নিহত
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এক বিচারপ্রার্থী পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত ব্যক্তি মাদুলী ইসলাম ভূঁইয়া (৭০) রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, তিনি চেক সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নিতে সকালেই রূপগঞ্জ থেকে জেলা আদালতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, জেলা আদালতের সামনে সড়ক পারাপারের সময় চাষাঢ়ামুখী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। ট্রাক চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।






আপনার মতামত লিখুন