ধারালো অস্ত্রের আঘাতে যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় রায়হান খান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরের দিকে নাগবাড়ি এলাকার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত রায়হান খান চাঁদপুর জেলার বহারিয়া বাজার এলাকার বাসিন্দা মৃত বিল্লাল খানের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের তাঁতিপাড়া এলাকায় ইয়াসিন মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, রায়হান খান মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন এবং এ সংক্রান্ত একাধিক মামলাও রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ চলছিল। ছিনতাই করা অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে এসআই রফিকুল ইসলাম বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।






আপনার মতামত লিখুন