সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে দেড় কোটির কাছাকাছি মূল্যের নকল স্ট্যাম্প উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ নকল জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্পসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত নকল স্ট্যাম্প ও সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার একটি বিশেষ অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নির্দেশনায় মৌচাক বাসস্ট্যান্ডের অদূরে একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে এসব নকল স্ট্যাম্প ও সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন মূল্যমানের নকল রেভিনিউ ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, বিপুল পরিমাণ কার্ট্রিজ পেপার, স্ট্যাম্প তৈরির টিনের ছাপা প্লেট, রঙের কৌটা এবং স্ট্যাম্প ছাপানোর মেশিন উদ্ধার করা হয়েছে। জব্দকৃত স্ট্যাম্পগুলোর মধ্যে ৫০০ টাকা ও ১০ টাকা মূল্যমানের নকল রেভিনিউ স্ট্যাম্পের পরিমাণই সবচেয়ে বেশি।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মিন্টু খান (৩২) এবং মুন্না ইসলাম মিকাইল (২২)। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এছাড়া, আসামিদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের রূপনগর থানায় দায়ের করা আগের একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এই নকল স্ট্যাম্প তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।






আপনার মতামত লিখুন