হাদির অবস্থা ‘সংকটাপন্ন’ প্রধান উপদেষ্টাকে ফোনে জানালেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদিকে সরেজমিনে দেখে এসে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে তার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত পৌনে ৯টার দিকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ফোন করে জানান—ওসমান হাদির অবস্থা এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে হাদির সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া শরিফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ চলাকালে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি ছোড়া হলে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং অবস্থার অবনতি হওয়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের পরামর্শে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।






আপনার মতামত লিখুন