ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল
শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি সরাসরি প্রশ্ন তোলেন ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার আদৌ হবে কি না।
একই সঙ্গে তিনি বিস্ময় প্রকাশ করে লেখেন, ইনকিলাব মঞ্চ থেকে এ বিষয়ে কেন কোনো কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে না।
পোস্টে রাবেয়া ইসলাম সম্পা উল্লেখ করেন, “বিচার হবে না, এই ভাবনাটাই মেনে নেওয়া যায় না। বিচার অবশ্যই হতে হবে, যে কোনো মূল্যে। বিচার না হলে ওসমান হাদির মতো বিপ্লবী মানুষ এই দেশে আর জন্মাবে না।” তবে বিচার প্রক্রিয়ায় দেরি হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও স্মরণ করেন, এক অনুষ্ঠানে ওসমান হাদি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উদ্ধৃতি দিয়ে সহজ সত্যের কথা বলেছিলেন। সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, সবকিছু কেন সহজে হচ্ছে না—এর কারণ সংশ্লিষ্ট সবাই জানেন। ওসমান হাদি বলে গিয়েছিলেন, সংগ্রাম দীর্ঘ এবং মুমিনের জীবন মানেই লড়াই চালিয়ে যাওয়া।
পোস্টে ইনকিলাব মঞ্চ নিয়ে ওসমান হাদির আবেগঘন বক্তব্যের কথাও তুলে ধরেন তার স্ত্রী। তিনি লেখেন, ওসমান হাদি বলতেন—ইনকিলাব মঞ্চ তার প্রথম সন্তান, আর ফিরনাস দ্বিতীয়। সংগঠনের কর্মীরা নিঃস্বার্থভাবে তার সঙ্গে কাজ করতেন, নিজের ভবিষ্যতের চিন্তা না করেই।
রাবেয়া ইসলাম সম্পা আরও লেখেন, যারা ওসমান হাদিকে ভালোবাসেন, তার কথা শুনে কাঁদেন—তাদের উচিত ইনকিলাব মঞ্চের কর্মীদের মানসিক অবস্থার কথাও ভাবা। যাদের কাছে তিনি ছায়ার মতো ছিলেন, তারা আজ গভীর শূন্যতায় ভুগছেন।
পোস্টের শেষাংশে তিনি শহীদ ওসমান হাদির একটি উক্তি উদ্ধৃত করেন “দাসত্ব যেখানে স্থবির নিয়তি, সেখানে লড়াই-ই সর্বোত্তম ইবাদত।






আপনার মতামত লিখুন