এমপিওভুক্ত শিক্ষকদের সোমবার থেকে আমরণ অনশন
বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সোমবার (২০ অক্টোবর) থেকে রাজধানীর শহীদ মিনারে ‘আমরণ অনশন’ ও ‘শিক্ষক সমাবেশ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আজিজী বলেন, “সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন চলবে। সোমবার থেকে দেশের কোনো শিক্ষক ক্লাসে যাবেন না, প্রশাসনিক কাজ, পরীক্ষা ডিউটি বা অফিস ফাইল—সব কার্যক্রম বন্ধ থাকবে।”
তিনি আরও জানান, শিক্ষা উপদেষ্টা ক্লাসে ফেরার আহ্বান জানালেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। “আমাদের আস্থা হারিয়ে গেছে। প্রয়োজনে এই আন্দোলন জাতীয়করণের একদফা দাবিতে রূপ নেবে,” যোগ করেন তিনি।
অন্যদিকে, ইতোমধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে সরকারের অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষকরা বলছেন, “প্রজ্ঞাপন শুধু বাড়ি ভাড়া পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি উপেক্ষিত। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”






আপনার মতামত লিখুন