আজ থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে আজ (সোমবার, ১৩ অক্টোবর) থেকে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।
ফলে দেশের বিভিন্ন স্কুল ও কলেজে আজ থেকে পাঠদান বন্ধ রয়েছে।
রবিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এ কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
তিনি বলেন,“আমরা জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাচ্ছি। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে বা সহযোগিতার মাধ্যমে দাবি আদায় হলে আমরা শ্রেণিকক্ষে ফিরব।”
এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের নেতাদের নির্দেশে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়ে সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
অধ্যক্ষ আজিজী আরও বলেন,“যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের প্রজ্ঞাপন বা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার ঘোষণা না হবে, আমরা শহীদ মিনার ছাড়ব না—ঢাকার রাজপথও ছাড়ব না।”
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, প্রেস ক্লাবের সামনে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, তবে বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
সংগঠনটির নেতারা বলেন, সরকারের ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা দাবি করছেন—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়ন।






আপনার মতামত লিখুন