উৎসবমুখর আয়োজনে পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিমেল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ উদযাপন করেছে বিশ্ব ডিম দিবস-২০২৫। “ডিমে আছে প্রোটিন, ডিম খাবো প্রতিদিন” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।
আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষদীয় অডিটোরিয়ামে এসে শেষ হয়।
অনুষ্ঠানে ডিন প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর মো: আব্দুল লতিফ, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় প্রফেসর আব্দুল লতিফ ডিমের পুষ্টিগুণ তুলে ধরে বলেন, “ডিমে প্রোটিন এবং ভিটামিনের সমৃদ্ধ উৎস রয়েছে। শিক্ষার্থীদের জন্য প্রতিদিন অন্তত একটি ডিম খাওয়া জরুরি। একজন ভেটেরিনারিয়ান হিসেবে সকলের উচিত এই পুষ্টিগুণ প্রচার করা।”
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম আয়োজক কমিটি ও শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “ডিমের গুরুত্ব বোঝাতে আমাদের সকলের উচিত দিনটিকে আরও বড় পরিসরে উদযাপন করা।”
উক্ত অনুষ্ঠানে কী নোড স্পিকার প্রফেসর ড. ফারজানা ইসলাম ডিমের পুষ্টিগুণ নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।






আপনার মতামত লিখুন