রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রাতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক ড. মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষক লাঞ্ছিত হয়েছেন তাদের ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত কোনো ধরনের একাডেমিক কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) চলবে না।
এর আগে রাবি কর্মকর্তা সমিতি পোষ্য কোটার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য বিদ্যমান ৪ শতাংশ কোটা স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে তারা আন্দোলনে নামে।
উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন। তবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা একে প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে দাবি করে আন্দোলন চালিয়ে আসছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন শর্তসাপেক্ষে কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নিলেও শিক্ষার্থীরা তার বিরোধিতা করে নতুন করে আন্দোলন শুরু করেছে।






আপনার মতামত লিখুন