৩৩ বছর পর জাকসু নির্বাচন: দলান্ধতার ছায়া কাটিয়ে সুষ্ঠু ভোটের প্রত্যাশা
দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সকাল থেকেই প্রার্থী ও শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলেও একসঙ্গে হল সংসদ নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচন অন্য যেকোনো সময়ের তুলনায় ব্যতিক্রম—কারণ এখন নেই দলীয় সরকারের প্রভাব, নেই হলে হলে দখলদারিত্ব। জুলাই আন্দোলনের পর অনেকটা মুক্ত পরিবেশেই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি ডাকসুতে ছাত্রশিবির সমর্থিত জোটের ঐতিহাসিক জয় হওয়ায় এবার জাকসু নিয়েও সারা দেশে আগ্রহ তৈরি হয়েছে।
নির্বাচনে মোট ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে দায়িত্বে আছেন ১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং অফিসার ও ৬৭ জন সহকারী পোলিং অফিসার। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দিচ্ছেন। ভোট গণনা হবে বিশেষ ওএমআর মেশিনে।
সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ১২০০ পুলিশ সদস্য পোশাক ও সিভিল পোশাকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোতায়েন আছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
জাহাঙ্গীরনগরের ইতিহাসে এটি ১০ম জাকসু নির্বাচন। এবারের নির্বাচনে মোট ১১,৮৯৭ জন শিক্ষার্থী ভোট দেবেন, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন হিসেবে বিবেচিত হচ্ছে।
পূর্ণাঙ্গ ও আংশিক মিলে মোট ৮টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল, ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, বাগছাসের ‘সম্মিলিত ঐক্য ফোরাম’, ছাত্র ইউনিয়নের দুই অংশের ‘সম্প্রীতির ঐক্য’ ও ‘সংশপ্তক পর্ষদ’ এবং তিনটি স্বতন্ত্র প্যানেল রয়েছে।
শিক্ষার্থীরা ভোট প্রদানের ক্ষেত্রে জুলাই আন্দোলনের স্পিরিট, প্রার্থীদের ব্যক্তিগত ভাবমূর্তি, সামাজিক কর্মকাণ্ড ও সংগঠনের ভূমিকার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন।






আপনার মতামত লিখুন