গুপ্ত রাজনীতি নিষিদ্ধে আইন প্রণয়নের দাবি ছাত্রদল সভাপতি রাকিবের
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার (১১ আগস্ট) দীর্ঘ ২১ বছর পর সিলেট এমসি কলেজে আয়োজিত ছাত্রদলের কাউন্সিল কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি জানান।
রাকিব বলেন, “ছাত্রদল প্রকাশ্যে ছাত্ররাজনীতি করে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেয়। কিন্তু যারা গোপনে রাজনীতি করে, তাদের জন্য আইনের মাধ্যমে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কার্যক্রম নিয়ে বাম ছাত্রসংগঠনের ওয়াক আউট প্রসঙ্গে তিনি বলেন, “একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের আদর্শ নিয়ে যারা রাজনীতি করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব।”
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, “অতীতের কিছু ঘটনা সাধারণ শিক্ষার্থীদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে, যা তাদের এই দাবি উত্থাপনে স্বাভাবিক। তবে ছাত্রদল অতীতের নেতিবাচক ধারা বাদ দিয়ে শিক্ষাবান্ধব রাজনীতিতে এগিয়ে যাবে।”
তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সক্রিয় থেকে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করছে।
এদিন সকাল ১০টায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে এমসি কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় কাউন্সিল কার্যক্রম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগর। কেন্দ্রীয়, জেলা ও মহানগর ছাত্রদল নেতারা এতে অংশ নেন।






আপনার মতামত লিখুন