ছাত্রদল ও এনসিপির সমাবেশ, নাশকতার আশঙ্কা: নুর
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ রবিবার রাজধানী ঢাকায় বড় পরিসরে দুটি রাজনৈতিক সমাবেশ আয়োজন করা হয়েছে। একদিকে, ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ‘ছাত্র সমাবেশ’, অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ।
এই কর্মসূচিগুলোর পটভূমিতে নাশকতার পরিকল্পনার আশঙ্কা প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নুরুল হক নূর। শনিবার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, “আগামীকাল শহীদ মিনার ও শাহবাগ কেন্দ্রিক প্রোগ্রাম ঘিরে নাশকতা ঘটতে পারে। আয়োজকদের প্রোগ্রামের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”
তবে এ বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট গোয়েন্দা সতর্কতা পাওয়া যায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে।
এদিকে রবিবার শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে একাধিক সমাবেশ এবং অনুষ্ঠান থাকায় ঢাকা মহানগর পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে। নগরবাসীকে এসব এলাকা যথাসম্ভব এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, ছাত্রদল ও এনসিপি সমাবেশ সফল করতে বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক লোক আনার চেষ্টা করছে বলে জানা গেছে। অন্যদিকে, একই দিনে এইচএসসির দুইটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। এতে রাজধানীজুড়ে তীব্র যানজট ও জনভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।






আপনার মতামত লিখুন