গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ আগুন
ফায়ার সার্ভিসের ১১ ইউনিট কাজ করছে
রাজধানীর গুলিস্তানের ব্যস্ত বাণিজ্যিক এলাকা সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
আজ শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সকাল ১০টায় মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার খবর আসে। মাত্র ৩ মিনিটের ব্যবধানে ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, একে একে ১১টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি বলেন, “সকাল ১০টায় আগুন লাগার খবর পেয়ে আমাদের প্রথম ইউনিট ১০টা ৩ মিনিটে পৌঁছে যায়। পরে আরও ১০টি ইউনিট যোগ দেয়। আগুন নেভানোর কাজ এখনো চলছে।”
ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ মুহূর্তে তা বলা সম্ভব নয়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে।”
স্থানীয় দোকানদার ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই দোকানপাট বন্ধ করে সবাই নিরাপদে সরে যায়। তবে ভেতরে অনেক মালামাল ছিল বলে ধারণা করা হচ্ছে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।






আপনার মতামত লিখুন