‘শাটডাউনে’ স্থবির সারাদেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক বিবৃতিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ১৮ জুলাই (বৃহস্পতিবার) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে।
তারই আলোকে আজ সড়কে যানবাহন চলাচল প্রায় নেই বললেই চলে। সড়কে তেমন উল্লেখযোগ্য কোনও ব্যক্তিগত গাড়ি দেখা যায়নি। পাবলিক পরিবহনও প্রায় শূণ্যের কোঠায়। ফলে অফিসগামী মানুষ বিপাকে পড়েছে। কিছু বিআরটিসি বাস দেখা গেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
বুধবার রাত পৌনে ৮টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
‘শুধুমাত্র হাসপাতাল ও জরুরিসেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের (বৃহস্পতিবার) কর্মসূচি সফল করুন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এ দেশের আপামর জনসাধারণের।
চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার (১৬ জুলাই) বেশ সহিংস রূপ নেয়। এদিন ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে ৬ জন মারা যান। আহত হন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী।






আপনার মতামত লিখুন