ডিএসই’র লেনদেনে উর্ধ্বগতি
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ১০০ কোটি টাকা ছাড়িয়েছে।
এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৭৩ ও ২১০৯ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১০০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৯টি কোম্পানির শেয়ার।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- সী পার্ল, এমারেল্ড অয়েল, অরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো, খান ব্রাদার্স, মেঘনা লাইফ, ইউনিয়ন ক্যাপিটাল, অলিম্পিক, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও বিডি থাই।
এর আগে বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৭ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ২ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯২ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬২৯ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ২০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দর।






আপনার মতামত লিখুন