সরকারি ক্রয়ে ছন্দের কারিগর ফারুক হোসেন
কেনাকাটার কথা শুনলেই আমাদের মনে নানান প্রশ্ন তৈরি হয়। কেনাকাটা স্বচ্ছ হচ্ছে তো! আইন মেনে হচ্ছে তো! আবার সেই কেনাকাটা যদি হয় সরকারি তাহলে তো কথাই নেই। বাংলায় প্রবাদ আছে, ‘সরকার মে মাল, দরিয়া মে ঢাল’। সরকারি জিনিস ইচ্ছেমত আসলেই কি খরচ করা যায়? এগুলোর কি কোনো নিয়মনীতি আছে? এই প্রশ্ন আমজনতা থেকে উঁচু স্তর সবজায়গায়।
নিয়মনীতি আগে থেকেই ছিল, এখনো আছে। তবে সেটাকে একটি ছন্দে ফেলেছেন একজন মানুষ! তাঁর নাম ফারুক হোসেন। তাঁকে বলা হয় স্মার্ট কেনাকাটার জীবন্ত-প্রানবন্ত কিংবদন্তি। সাধারণ মানুষের কাছে তাঁর পরিচয় ছড়াকার হিসেবে। আরও নির্দিষ্ট করে বললে শিশু ছড়াকার। ছড়ার ছন্দে শিশু থেকে বৃদ্ধ সবাইকে মাতিয়ে রাখতে পারেন।
তাঁর লেখা ছড়া-কবিতায় মুগ্ধ হাজারো মানুষ। বিদগ্ব সাহিত্যিকদের আলোচনা আসলে তিনি থাকেন অগ্রভাগে। সাহিত্যের রস আস্বাদন করা এই মানুষটির ভিন্ন পরিচয় সরকারি কাজে। সেখানেও তিনি ছড়াকার। ছন্দের জাদুকর তিনি। তাঁকে বলা হয় কেনাকাটার ছন্দের জাদুকর হিসেবে।
২০২০ সালের শুরুর দিকে অবসর নিয়েছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে। এরপর গত প্রায় সাড়ে তিন বছরে ১১ টি ক্রয় চুক্তি বাস্তবায়নে পরামর্শক হিসেবে কাজ করেছেন।
ফারুক হোসেন জন্মেছেন এক প্রত্যন্ত গ্রামে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার প্রতাপুর গ্রামে জন্ম নিয়ে প্রতাপ ছড়িয়েছেন সারাদেশে। সাহিত্য জগতে, সরকারি কাজে।
বাবা মোজাম্মেল হোসেন এবং মা ফিরোজা বেগমের আদরের সন্তান বলাখাল চন্দ্রবান স্কুলে এসএসসি এবং চাঁদপুর সরকারি কলেজে এইচএসসি শেষ করার পর পাড়ি জমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শেষে এমবিএ করেন স্টামফোর্ড ইউনিভার্সিটিতে।
তিনি তাঁর লক্ষ্য খুঁজে নেন ইতালির তুরিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে। পাবলিক প্রকিউরমেন্ট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টে মাস্টার্স করেন সেখানে। এরপর জাপানে ডেভেলপিং ইকোনোমিকসে ডিপ্লোমা করেন। তবে থামেনি তাঁর শেখার আকাঙ্খা। যুক্তরাষ্ট্রের ডিগ্রি নেন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)’র প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামো বিষয়ে। এরপর পিপিপি’র সার্টিফিকেশন কোর্স করেন যুক্তরাজ্যে।
তবে সবার ক্ষেত্রে যেটা হয়, বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে সেখানেই স্থায়ী হওয়া বা জীবন গড়ে নেয়া। অঢেল অর্থের হাতছানি তাঁকে টানতে পারেনি।
তিনি দেশের টানে, মাটির টানে বাংলাদেশকেই বেছে নেন তাঁর দক্ষতার পদচিহ্ন আঁকতে। পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি’র অধীনে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)’র ডিজির দায়িত্ব পালন করেন ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত।
আগে টেন্ডার সাবমিট নিয়ে পক্ষ-বিপক্ষের মারামারি-কাটাকাটি আমরা দেখেছি। প্রধানমন্ত্রীর আগ্রহ ছিল সবকিছু হবে অনলাইনে। সরাসরি না আসলে এসব ঘটবে না। তার প্রাথমিক শর্ত ছিল সরকারি সকল এজেন্সিকে ই-জিপিতে নিবন্ধন এবং ক্রয় প্রক্রিয়া বাস্তবায়ন করা। এই গুরুত্বপর্ণ দায়িত্ব পান তিনি। অত্যন্ত দক্ষতার সঙ্গে সেটা বাস্তবায়ন করেন তিনি।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভা কমিটির (সিসিজিপি) এর সহায়ক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন জনাব ফারুক হোসেন।
সাবেক প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যখন পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) প্রকল্পের কথা উল্লেখ করেন তখন সাধারণ অনেকেই হোচট খান। কীভাবে এই পার্টনারশিপ হবে? সেই পিপিপি প্রকল্প বাংলাদেশে হয়েছে। শুধু হয়েছে বললে হবে না, দক্ষতার সাথে হয়েছে এবং এর নেপথ্য নায়ক ছিলেন ফারুক হোসেন। পিপিপি’র প্রাতিষ্ঠানিক, আইনী এবং আর্থিক কাঠামোর তৈরি হয় তাঁর হাত ধরেই।
শুধু সাহিত্য আর আর্থিক প্রশাসন নিয়েই তাঁর লক্ষ্য শেষ হয়নি। তিনি একাধারে শিক্ষকও। সরকারি ক্রয়ে জাতীয় প্রশিক্ষক তিনি। দেশের সকল জাতীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সরকারি ক্রয় সম্পর্কিত ক্লাস নেন তিনি। পিপিপি’র প্রশিক্ষক তিনি। চাটার্ড ইনস্টিটিউট ফর প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাইের রিসোর্স পারসন তিনি। এছাড়া বর্তমানে সরকারি ক্রয় সংক্রান্ত আপিল নিষ্পত্তির নির্ধারিত রিভিউ প্যানেল-৩ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জাতীয় রাজ্স্ব বোর্ড এবং ভূমি মন্ত্রণালয়ের অধীন ক্রয় কাজে পরামর্শকের দায়িত্ব পালন করছেন।
বিশ্বব্যাংক, এডিবিসহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হয়ে দক্ষতার ছাপ ফেলেছেন তিনি। এক কথায় বলতে গেলে ক্রয় সংক্রান্ত কাজে তাঁর দক্ষতার ছাপ রয়েছে সরকারি প্রায় সকল প্রতিষ্ঠানে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও বাংলাদেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।
জনাব ফারুক হোসেন এমন একজন মানুষ যাঁকে ক্রয় সংক্রান্ত কাজে জীবন্ত কিংবদন্তি বলা হয়। আর তাঁর সহকর্মীগণ তাকে বলেন এনসাক্লোপিডিয়া নামে। ক্রয় সংক্রান্ত সকল আইন তার মগজে প্রতিস্থাপিত হয়ে আছে। সেজন্যই পেয়েছেন এমন উপমা। ভবিষ্যতে সরকারের নীতিনির্ধারণী পদে তাঁকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।






আপনার মতামত লিখুন