খুঁজুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড

ভিশন ট্রেডিং নামে একটি জাল কাগজপত্র ব্যবহার করে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড

ছবি-সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) চট্টগ্রামের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় জাবেদ ছাড়া আরও ১৬ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১৯ জনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ভিশন ট্রেডিং নামে একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে জাল কাগজপত্র ব্যবহার করে ইউসিবিএলের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে ওই অর্থ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে সরিয়ে নগদে উত্তোলন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ভিশন ট্রেডিংয়ের মালিক হিসেবে দেখানো হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএলের পোর্ট শাখায় প্রতিষ্ঠানটির নামে একটি চলতি হিসাব খোলা হয়। পরে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি গম, মসুর ডাল, ছোলা ও হলুদ মটর আমদানির কথা বলে ১৮০ দিনের জন্য ২৫ কোটি টাকা ঋণের আবেদন করা হয়।

ঋণের বিপরীতে প্রতিষ্ঠানের মজুতপণ্য, ব্যবসায়িক অভিজ্ঞতা ও গুদামসংক্রান্ত তথ্য দেওয়া হলেও সেগুলোতে অসংগতি ছিল বলে দুদকের তদন্তে উঠে আসে। ব্যাংকের করপোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের যৌথ কমিটি ঋণ প্রস্তাবে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দিয়েছিল। এরপরও ২০২০ সালের ১২ মার্চ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৮তম সভায় ঋণটি অনুমোদন করা হয়। ঋণের অর্থ পে-অর্ডারের মাধ্যমে আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামে চারটি প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়। এসব প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখানো ব্যক্তিরা মূলত আরামিট গ্রুপের কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন।

এ ঘটনায় গত বছরের ২৪ জুলাই দুদকের উপ-পরিচালক মশিউর রহমান খান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা করেন। মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, তার ভাই আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামান চৌধুরীসহ ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাদের আসামি করা হয়। মামলার শুরুতে আসামি ছিলেন ৩১ জন। তদন্ত শেষে গত ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এতে নতুন করে আরও সাতজনকে আসামি করা হয়। ফলে আসামির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে। অভিযোগপত্রে ৯২ জনকে সাক্ষী করা হয়।

এরপর ১১ মার্চ চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ৫ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় মোট ৫৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। ১৮ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত পরদিন রায় ঘোষণার দিন ধার্য করেন। আদালত ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে দোষী সাব্যস্ত করে সাজা দেন। বাকি ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

 

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার কথা ভাবছেন টিউলিপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার কথা ভাবছেন টিউলিপ

ছবি-সংগৃহীত

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার অভিযোগ, ইউনূস সরকারের পক্ষ থেকে আনা দুর্নীতির অভিযোগের জেরেই গত বছর তিনি ব্রিটিশ সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলে তিনি অনৈতিক সুবিধা নিয়েছিলেন।

প্লট দুর্নীতির একটি মামলায় গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই মামলায় তার সঙ্গে আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়েছে। পূর্বাচলে নিজের পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ নিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। লন্ডনে বসবাসরত টিউলিপ শুরু থেকেই এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছেন এবং তার এই সাজা ভোগ করার সম্ভাবনাও নেই বললেই চলে।

২০২৫ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেছিলেন। সে সময় তিনি দাবি করেন, তার খালা এবং বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের ‘পরোক্ষ শিকার’ হয়েছেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে টিউলিপ নিজেকে ‘উদ্দেশ্যপ্রণোদিত মামলার’ শিকার বলে দাবি করেন। তিনি আরও জানান, একজন আইনজীবীর সঙ্গে তার কথা হয়েছে এবং ওই আইনজীবী তাকে পরামর্শ দিয়েছেন যে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়া নোবেল শান্তি পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট ভিত্তি তার রয়েছে।

টিউলিপ বলেন, এটি মূলত উদ্দেশ্যপ্রণোদিত মামলা ছিল। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি আইনজীবীদের সঙ্গে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথা ‘বিবেচনা’ করছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ চেষ্টা করে গার্ডিয়ান। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

টিউলিপ সিদ্দিক দাবি করেন, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানতে তিনি বারবার চেষ্টা করেছেন; কিন্তু তার আইনজীবীদের পাঠানো চিঠির কোনো জবাব বাংলাদেশ সরকার দেয়নি।

লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অবস্থানকালীন মুহাম্মদ ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি। টিউলিপ বলেন, তিনি আমার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। আমি তার সঙ্গে সামনাসামনি দেখা করার জন্য বারবার চেষ্টা করেছিলাম।

নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ জানান, এসব অভিযোগ এবং পরবর্তী বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি মোটেও বিচলিত ছিলেন না।

টিউলিপ বলেন, আমাকে ঠিক কী অপরাধে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি ব্রেকিং নিউজ অ্যালার্ট দেখার পরই আমি প্রথম জানতে পারি যে আমাকে সাজা দেওয়া হয়েছে।

বিতর্কের ওই সময়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানান টিউলিপ। তিনি বলেন, নিরাপত্তা হুমকির মুখে পড়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্টারমার তাকে একটি বার্তা পাঠিয়েছিলেন।

তবে টিউলিপকে নিয়ে স্টারমার বারবার প্রশ্নের মুখে পড়ায় তিনি টিউলিপকে পদত্যাগ করার সিদ্ধান্ত দেন।

শীর্ষ সংবাদ:
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড ড. ইউনূসের বিরুদ্ধে মামলার কথা ভাবছেন টিউলিপ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পররাষ্ট্রসচিবের সাথে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভারত-পাকিস্তানের সুন্দরীর সঙ্গে বাংলাদেশের মাহি ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক দুদকের মূল ভবনে ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে দরবৃদ্ধির শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম সিন্ডিকেটের জন্য কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৬ প্রকল্প অনুমোদন, ৪টিই জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায় নজিরবিহীন বৈঠকের জন্য চীনের শেনজেনে পৌঁছালেন ট্রাম্প পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকার প্রস্তাব সিপিডির মিরপুর ১১ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের