খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আতঙ্ক ও উচ্ছ্বাস এই দুই নিয়েই অপেক্ষায় বাংলাদেশ

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
আতঙ্ক ও উচ্ছ্বাস এই দুই নিয়েই অপেক্ষায় বাংলাদেশ

ছবি-সংগৃহীত

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ১৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ২ দশমিক ৪ গিগাওয়াট ক্ষমতার এই বিশাল প্রকল্পটি দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট থেকে দেশের ১৭০ মিলিয়ন মানুষকে বড় ধরনের স্বস্তি এনে দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে দেশের প্রথম এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মনে একদিকে যেমন রয়েছে চরম উচ্ছ্বাস, অন্যদিকে রয়েছে আতঙ্ক।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হাসান বলেন, ‘কেন্দ্রটির প্রথম রিয়্যাক্টর চলতি বছরের শেষের দিকে চালু করার পরিকল্পনা রয়েছে এবং দ্বিতীয় ইউনিটটি এক বছরের মধ্যে কার্যকর হবে।’ এটি পুরোপুরি চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশেরও বেশি সরবরাহ করতে সক্ষম হবে, যা বিশেষ করে বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের এই সময়ে অর্থনীতিকে বেশ বেগবান করবে বলেও জানান জাহিদুল হাসান।

প্রকল্পটি কেন্দ্র করে এক সময়ের নীরব রূপপুর পরিণত হয়েছে প্রাণবন্ত এলাকায়। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা ‘রোসাটম’-এর সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের হাত ধরে এখানে গড়ে উঠেছে এক অনন্য রুশ সংস্কৃতি। স্থানীয় দোকানপাট ও রেস্তোরাঁর সাইনবোর্ডে বাংলা ও ইংরেজির পাশাপাশি শোভা পাচ্ছে রুশ ভাষা। স্থানীয় খাবারের পাশাপাশি অনেক রেস্তোরাঁয় মিলছে রাশিয়ান ঐতিহ্যবাহী ‘বর্শ’ সুপ।

রূপপুর প্রকল্পের ফলে হাজার হাজার স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের নতুন দুয়ার খুলেছে। গড়ে উঠেছে নতুন ব্যবসা-বাণিজ্য। উদাহরণস্বরূপ, ২৮ বছর বয়সী মো. ইমন খান ঢাকার তৈরি পোশাক কারখানার চাকরি ছেড়ে দিয়ে নিজ এলাকা রূপপুরে ফিরে এসেছেন এবং বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের কাছে ফল ও শাকসবজি বিক্রি করছেন। ইমন খান বলেন, ‘আমি সামান্য রুশ ভাষা বলতে পারি, আর তারাও কিছুটা বাংলা বলতে পারে।’

বিদ্যুৎকেন্দ্র থেকে ১৫ মিনিট হাঁটা দূরত্বের বাসিন্দা ৮০ বছর বয়সী সাবেক কাগজ কল শ্রমিক মো. ইউনুস আলী জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের পারমাণবিক কেন্দ্র স্থাপনের বিরোধিতা অনেক আগে থেকেই ছিল। তিনি বলেন, ‘কয়েকদিন আগে তারা বিকট শব্দে একটি কম্প্রেসার পরীক্ষা করেছিল। ঘুমিয়ে থাকা শিশুরাও ভয়ে জেগে উঠেছিল। আমি এখন বৃদ্ধ, আমার নিজের জীবনের ভয় নেই। কিন্তু আমার সন্তান ও নাতি-নাতনি রয়েছে, আমি তাদের নিরাপত্তা চাই।’

এদিকে, রূপপুর কর্তৃপক্ষের দাবি, সমস্ত আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড এবং পূর্বের পারমাণবিক দুর্ঘটনার শিক্ষাগুলো এই প্রকল্পে কঠোরভাবে অনুসরণ করা হয়েছে।

আবার রয়েছে এ ঘটনার উল্টোচিত্রও। বিতর্ক থাকলেও অধিকাংশ বাংলাদেশির জন্য সবচেয়ে বড় প্রশ্ন হলো রূপপুর আসলে কবে নাগাদ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। ৫৫ বছর বয়সী কৃষক বেলী বেগম বলেন, ‘আমি চাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দ্রুত চালু হোক এবং আমরা যেন এর পূর্ণ সুবিধা পাই। আমার ঘরের কাছেই বিদ্যুৎকেন্দ্র, তাই আশা করি আমরা ২৪ ঘণ্টাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাব।’

উল্লেখ্য, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা প্রথম গ্রহণ করা হয়েছিল ১৯৬০-এর দশকে। পরবর্তীতে বিভিন্ন সরকারের সময়ে ফ্রান্স, সৌদি আরব, চীন ও দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনা হলেও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। অবশেষে ২০১৫ সালে রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষরের পর ২০১৭ সালে এর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

তবে কোভিড-১৯ মহামারী, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং সরঞ্জাম পরিবহনে জটিলতার কারণে প্রকল্পটি বেশ কয়েকবার পিছিয়ে পড়ে। এ ছাড়া প্রকল্পটিকে ঘিরে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। যদিও তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি