খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইরানের মানচিত্রে নিজের মুখের ছবি ট্রাম্পের

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘বাই বাই, খার্গ।’’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
ইরানের মানচিত্রে নিজের মুখের ছবি ট্রাম্পের

ছবি-সংগৃহীত

চলতি সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হামলা না চালালেও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এআই চালিত পোস্টের মাধ্যমে তেহরানের ওপর চাপ প্রয়োগের অভিযান বাড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে ইরানের মানচিত্রে নিজের মুখচ্ছবি বসিয়ে দেশটিকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য জাহির করা সেই পোস্টে ইরানের ধসে পড়া তেল রপ্তানির দৃশ্য, খার্গ দ্বীপে তেহরানের অর্থনৈতিক জীবনরেখায় হামলার হুমকি এবং ট্রাম্পের মুখের অবয়বের আদলে ইরানের মানচিত্র কেটে তৈরি মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, অস্থিতিশীল হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে এসেছে। তিনি দাবি করেছেন, এই প্রণালি দিয়ে তেল পরিবহনের পরিমাণ আবারও দিনে ১ কোটি ৮০ লাখ ব্যারেলে পৌঁছেছে; যা সংঘাতের আগে ছিল দিনে ২ কোটি ব্যারেল।

গত ফেব্রুয়ারির শেষের দিকে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছিলেন, তার জবাবে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল সরবরাহকারী এই গুরুত্বপূর্ণ রুট কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে ইরান। নৌপথে পরিবহন ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়; যার ফলে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর চাপ বজায় রাখার পাশাপাশি এই জলপথ দিয়ে তেল চলাচল অব্যাহত রাখতে যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে।

ট্রাম্পের শেয়ার করা অন্যান্য ছবিতে বলা হয়, ইরানের তেল রপ্তানি ধসে পড়ছে, দেশটিতে অতি-মুদ্রাস্ফীতি চলছে এবং এর মুদ্রার মান ধ্বংস হয়ে গেছে। একটি ছবিতে দেখানো হয়, ২০২৫ সালের শুরুর দিকে প্রতি মার্কিন ডলারে রিয়ালের মান যেখানে ছিল প্রায় ৯ লাখ, তা সাম্প্রতিক পরিসংখ্যানে কমে দাঁড়িয়েছে ডলারে ২২ লাখ ৭০ হাজারের বেশি।

অপর একটি পোস্টে ইরানের মানচিত্রের ওপর ট্রাম্পের মুখমণ্ডলের পাশের অংশের প্রতিচ্ছবি বসিয়ে দেখানো হয়; যা সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন বার্তায় ব্যক্তিগত আক্রমণের সুর ক্রমেই বৃদ্ধি পাওয়ার বিষয়টি জোর দিয়ে তুলে ধরে। তিনি এআই দিয়ে তৈরি একটি নাটকীয় ছবিও শেয়ার করেন, যেখানে একটি যুদ্ধবিমানকে তেলকূপে বোমা বর্ষণ করতে দেখা যায়। এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘বাই বাই, খার্গ।’’

ইরানের সঙ্গে টানা সংঘর্ষ চলা সত্ত্বেও হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার ধারণা নিয়ে ট্রাম্প ট্রল করার মাত্র কয়েক দিন পর ইরানি মানচিত্রে নতুন করে অনলাইন হামলা চালিয়েছেন। যদিও এর কয়েক ঘণ্টা পর তিনি বলেন, বিষয়টি তেমন গুরুতর কিছু নয়।

• ইরানের হুঁশিয়ারি

ইরানি বন্দরগুলোতে ওয়াশিংটনের পাল্টা অবরোধেও হরমুজ প্রণালিতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা ইরান, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া আক্রমণকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। এমনকি সর্বশেষ সংঘাতে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে তেহরান লক্ষ্যবস্তু করার পর নতুন যেকোনো মার্কিন হামলার বিরুদ্ধে আরও শক্তিশালী জবাব দেওয়ার হুমকি দিয়েছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ যুদ্ধ অবসানের আলোচনায় প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। তিনি বলেছেন, আনুপাতিক বা সমপরিমাণ প্রতিক্রিয়া জানানোর যুগের সমাপ্তি ঘটেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইরানের স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের দ্রুততর, আরও তীব্র এবং বেদনাদায়ক জবাব দেওয়া হবে।

এদিকে তেহরানের শীর্ষ নিরাপত্তা প্রধান মহসেন রেজাই বলেছেন, আগামী দিনে ইরান হরমুজ প্রণালির কাছে একটি ‘নিষিদ্ধ এলাকা’ প্রতিষ্ঠা করবে।

তিনি বলেছেন, এই এলাকাটি মার্কিন নৌবাহিনীর অবরোধ লাইন থেকে শুরু হবে এবং পারস্য উপসাগরের এলাকাগুলো এর অন্তর্ভুক্ত থাকবে। এই নতুন এলাকায় প্রবেশকারী যেকোনো জাহাজকে ইরানের নিষেধাজ্ঞা তালিকায় রাখা হবে।

প্রায় এক মাস শান্ত থাকার পর মার্কিন সামরিক বাহিনী ইরানি লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং ইরান পরস্পরের স্বার্থে পাল্টাপাল্টি হামলা চালায়।

সূত্র: এনডিটিভি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি